শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) জেলা শাখার কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে জুয়েলারি ব্যবসায়ীরা। এ সময় সাবেক কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক সামছুদ্দিন সমেশ, সদস্য আফজাল হোসেনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর ৩০ ডিসেম্বর কেন্দ্র ঘোষিত ৫ সদস্যের কমিটির আহ্বায়ক চন্দন কুমার ঘোষ নিজ স্বার্থ চরিতার্থ করে কমিটির দুজন সদস্যকে না জানিয়ে গোপনে ৩ জন মিলে গঠনতন্ত্রবিরোধী ভোটার তালিকা করেন। এরপর ওই অবৈধ ভোটার তালিকা করে ২১ জানুয়ারি গোপনে তফসিল এবং ভোটবিহীন পকেট কমিটি ঘোষণা করেন। আগামী ২৭ মে নতুন ওই কমিটির অভিষেক অনুষ্ঠানের ঘোষণা করা হয়। এর প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।