চীনের রাজধানী বেইজিংয়ে একটি স্ট্যান্ড আপ কমেডি পারফরম্যান্সের সময় দেশটির সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। এ ঘটনায় একটি বিনোদন ফার্মকে ২০ লাখ ডলার জরিমানা করা হয়েছে ও কৌতুক অভিনেতাকে নিষিদ্ধ করা হয়েছে। এ ঘটনার পক্ষে বলায় এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কৌতুকটির ভিডিও ক্লিপে কৌতুক অভিনেতার কুকুরের আচরণকে সামরিক আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, সাংহাই জিয়াওগু কালচার মিডিয়া কোম্পানি এবং কৌতুক অভিনেতা লি হাউশি সেনাবাহিনীকে অপমান করেছে।
কোম্পানিটি দণ্ড মেনে নিয়েছে এবং লি হাউশির সঙ্গে চুক্তি বাতিল করেছে।
গত শনিবার বেইজিংয়ে একটি স্ট্যান্ড-আপ উপস্থাপনার সময় যখন লি একটি কাঠবিড়ালিকে তাড়া করা নিজের দুটি কুকুরের দিকে ইঙ্গিত করছিলেন, তখন সেনাবাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।
লির মঞ্চনাম হাউজ। কৌতুকে তিনি বলেন, এই দুই কুকুর আমাকে কেবল একথাই কথা মনে করিয়ে দেয়…. কাজের সুন্দর ধরন, যুদ্ধ জয় করতে পারে।
এই পাঞ্চলাইনটি ২০১৩ সালে চীনা সেনাবাহিনী নিয়ে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের স্লোগানের অংশ।
এদিকে এ কৌতুকের পক্ষে পোস্ট দিয়ে গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম শি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে লেখেন, কেন হাউজকে নিষিদ্ধ করা হলো? তবে ব্লুমবার্গ এই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি।
চীনে সেনাবাহিনীকে অপমান করা শাস্তিযোগ্য অপরাধ। ২০২১ সালে দেশটিতে এ সম্পর্কিত একটি আইন প্রণয়ন করা হয়।