ভারতের কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এই রাজ্যটিতে পিছিয়ে আছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এমন পরিস্থিতির মধ্যেই ঘটল এক অদ্ভুত ঘটনা। কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইর নির্বাচনী আসন শিগগাঁওয়ে বিজেপির অফিসে হানা দিয়েছে সাপ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শিগগাঁও আসনে এবারও বিজেপির হয়ে ভোটে লড়াই করছেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসভরাজ। তার নির্বাচনী এলাকার একটি বিজেপি ক্যাম্প অফিসে সাপ হানা দেয়ার পর সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীও। পরে সাপটিকে সেখান থেকে উদ্ধার করা হয়।
শিগগাঁও কর্ণাটকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এখানে কংগ্রেস প্রার্থী ইয়াসির আহমেদ খান পাঠান ও কর্ণাটকের মখ্যমন্ত্রী বাসভারাজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।