ভারতের কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল থেকে এ ভোট গণনা শুরু হয়, যাতে এগিয়ে রয়েছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২২৪ আসনে কর্ণাটক বিধানসভায় একটি দলের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজ্যটিতে ১১৭টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ৭৫টি আসনে এগিয়ে আছে। এছাড়া জেডিএস এগিয়ে আছে ২৬টি আসনে।
গত আড়াই দশক ধরেই বিজেপি, কংগ্রেস ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডিএস-এর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখছে কর্ণাটক। ২০১৮ সালের নির্বাচনে কর্ণাটকে ১০৪টি আসনে জিতেছিল বিজেপি। যদিও সরকার গড়েছিল কংগ্রেস-জেডিএস জোট ৷ পরে সেই জোটে ফাটল ধরিয়ে ক্ষমতা দখল করে নেয় গেরুয়া শিবির৷