শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন
সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সফি নূর মোহাম্মদের নির্দেশে শুক্রবার (৫ মে) রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ বীরবল মন্ডল, বিভাগীয় মেকানিকাল ইঞ্জিনিয়ার (লোক) আশিষ কুমার মন্ডল ও বিভাগীয় সংকেত প্রকৌশলী রাজিব বিল্লাহ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির সদস্য পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ বীরবল মন্ডল  বলেন, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে একটি মালবাহী ট্রেন ঘুরানোর সময় এর দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর রিলিজ ট্রেন এনে বগি দুটি উদ্ধার করা হয়। এ ঘটনা তদন্তে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সফি নূর মোহাম্মদের নির্দেশে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে নির্দেশিত ব্যক্তি বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের দুটি বগি ঘুরানোর সময় লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে সাড়ে ৬ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেন আসার পর ৪২ মিনিটের চেষ্টায় রাত ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =