শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ ছেলেকে হত্যার পর এবার বাবাকেও হত্যার হুমকি দেয়ার অভিযোগ

ছেলেকে হত্যার পর এবার বাবাকেও হত্যার হুমকি দেয়ার অভিযোগ

আবুল কালাম আজাদ (জামালপুর প্রতিনিধি) : জামালপুর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলেকে হত্যার পর এবার বাবাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মামলার এজহারভূক্ত আসামীদের বিরুদ্ধে। এতে করে চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে ভূক্তভোগী ওই পরিবারটি।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের চরগোবিন্দবাড়ী এলাকার মো.ওয়াদুদের সাথে একই এলাকার মো. পারভেজের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল । এরই জের ধরে চলতি বছরের ১৩ মে পারভেজের একটি ছাগল ওয়াদুদের ক্ষেত নষ্ট করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় মামলার আসামী মো. পারভেজ, তালেব আলী, হিটু, মোছা. রোজিনা বেগম ও মোছা. হিরা বেগম লাঠি দিয়ে ওয়াদুদের স্কুল পড়ুয়া ছেলে সিরাজুল (১৫)কে এলোপাতারি পিটিয়ে আহত করেন। পরে সিরাজুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সিরাজুল স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় সিরাজুলের বাবা মো. ওয়াদুদ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ মো.পারভেজ নামের একজনকে গ্রেফতার করেন। এদিকে মামলার অপরাপর আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন নিহত সিরাজুলের বাবা। অপরদিকে আসামীরা মামলা তুলে নেয়ার জন্য তাদেরকে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। মামলা তুলে না নিলে ছেলের মত বাবা মো.ওয়াদুদকেও মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে জানান ভূক্তভোগী পরিবারটি।

এ ব্যপারে মামলার তদন্তকারী অফিসার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এস.আই সিরাজুল ইসলাম জানান, পুলিশ মামলার সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসামীরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =